উপাচার্যকে শাটল ট্রেনে ভ্রমণের আমন্ত্রণ ছাত্র ইউনিয়নের
শহর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট উপলব্ধির জন্য উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে শাটল ট্রেনে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী নোবেল ও সাধারণ সম্পাদক মো. জোবাইর উপাচার্যের কক্ষে গিয়ে এ আমন্ত্রণপত্র দেন।
আমন্ত্রণপত্রে শাটল ট্রেনের বগি বাড়ানো, বগির আধুনিকায়ন, পরিবহন-সংকট সমাধানের জন্য ক্যাম্পাসে ছাত্র বাস চালু, ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত রেলের ডাবল লাইন চালু—এই চারটি দাবিও উল্লেখ করা হয়।
উপাচার্যকে ভ্রমণের আমন্ত্রণ জানানো বিষয়ে মেহেদী নোবেল প্রথম আলোকে বলেন, ‘চবির ঐতিহ্য শাটল ট্রেন এখন আমাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভাঙা সিট, কাচবিহীন জানালা, নোংরা মেঝের মধ্য দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী আসা-যাওয়া করছে। শাটলে সিট না পেয়ে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে এবং ইঞ্জিনে যাতায়াত করতে হচ্ছে। শিক্ষার্থীদের কষ্ট উপলব্ধি করার জন্য তাই উপাচার্য স্যারকে শাটল ট্রেনে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছি। স্যার আমাদের জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সম্পর্কে অবগত আছেন।’
এর আগে গত সোমবার শাটল ট্রেনের বগি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বুধবার প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।