উপাচার্যকে হত্যার হুমকি দিয়ে খুদেবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি দিয়ে মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের তিন কর্মীর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার দুপুরে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উপাচার্য কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী জানান, গতকাল দুপুর ১২টা ২৭ মিনিটে তাঁর মুঠোফোনে খুদেবার্তাটি আসে। এতে বলা হয়েছে, ভিসি সাহেব, ভার্সিটির শিবিরের
নেতাদের দ্রুত মুক্তি না দিলে আপনার গাড়ি ও বাসভবনে বোমা মারা হবে। তাই বাঁচতে চাইলে ভার্সিটির শিবিরের কর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী পুলিশ ফাঁড়িতে জানান।
ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই শফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর উপাচার্যের বাসভবনে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপাচার্য কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।