জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরকে হত্যার হুমকির প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন। এ ছাড়া হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা।জানা যায়, গত মঙ্গলবার রাতে মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে ও কল করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি দেয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি নূরুল আলম, অফিসার সমিতির সভাপতি এ টি এম আবদুল হান্নান, কর্মচারী সমিতির সভাপতি আব্বাস আলী তালুকদার, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি দিয়েছে। তাঁরা অপরাধীকে দ্রুত খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শামছুল আলম বলেন, ‘আমরা হুমকির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। উপাচার্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে এখনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারা বর্তমান সরকারের ব্যর্থতা।’