উপাচার্যদের সতর্ক থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর
কয়েকটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন মন্ত্রী।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী এই পরামর্শ দেন। পরে সভা শেষে সংবাদ ব্রিফিং করে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হওয়ার পরপর ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার-সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের বেধড়ক পিটিয়েছেন। এ নিয়ে ওই দুটি বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এর পর পরই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হলো।সভায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতের ধারাবাহিকতায় এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে। এটা রাতারাতি বন্ধ করা সম্ভবও নয়। তবে এমন ঘটনা যাতে আর না ঘটে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সভা থেকে উপাচার্যদের বলা হয়েছে।’সভায় উপাচার্যরাও তাঁদের মতামত দেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বিশ্ববিদ্যালয়ে সমস্যার কথা বলেছেন। কোনো কোনো উপাচার্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের দরপত্র নিয়েও সমস্যার কথা বলেন। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ ৩২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।