‘রাজনীতি’মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল নীল দল জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত ওই নির্বাচনে ১৫টি পদের সব কটিতেই তারা বিজয়ী হয়।নির্বাচনে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতার ঐতিহ্য ও জাতীয়তাবাদী ফোরাম চারটি পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়। গতকালের নির্বাচনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় ব্যানারে শিক্ষকদের রাজনীতি শুরু হলো। তবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক পরিষদের আরেকটি প্যানেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে ১৪ জনকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বুধবার দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিমা আক্তার বলেন, মোট ১৫টি পদে নির্বাচন হয়েছে। এতে ১০৮ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোট দিয়েছেন। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। শিক্ষকদের রাজনীতি সম্পর্কে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লার সভাপতি ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী বলেন, দলীয় কিংবা বিভিন্ন রঙের নাম ব্যবহার করে রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুযোগ নেই। এতে করে বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্রই লঙ্ঘিত হবে এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিমুক্তভাবে ২০ বছর ধরে শিক্ষা কার্যক্রম চলছে। সেখানেও শিক্ষক সমিতি আছে। কিন্তু কোনো দলের কিংবা রঙের নামে নেই। শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য শিক্ষকেরা সমিতি গঠন করতে পারেন। এতে দলের নাম ব্যবহার করার যৌক্তিকতা নেই।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হলেও দেশটা এ রকম হয়ে গেছে। আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’