উপাচার্যবিরোধী শিক্ষক ফোরামের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে আন্দোলনকারী আওয়ামী লীগ ও বিএনপিপন্থী শিক্ষকদের সমন্বয়ে গঠিত সাধারণ শিক্ষক ফোরাম নিরঙ্কুশ জয় পেয়েছে৷ গতকাল বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সব কটি পদেই আন্দোলনকারীরা জয়ী হন৷
নির্বাচনে সাধারণ শিক্ষক ফোরামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী জোট ও স্বতন্ত্র শিক্ষক’ নামে আওয়ামী লীগপন্থী ও স্বতন্ত্র শিক্ষকদের একটি দল৷ নির্বাচনে সভাপতি ও কোষাধ্যক্ষ পদসহ নয়টি পদ পেয়েছে সাধারণ শিক্ষক ফোরামের আওয়ামী লীগ অংশ৷ সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ছয়টি পদ পেয়েছে ফোরামের বিএনপিপন্থী অংশ৷
গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে ভোট নেওয়া হয়৷ ৪৬৭ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোট দেন৷ বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আকতার মাহমুদ ফল ঘোষণা করেন৷
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ ২৬৪ ভোট পেয়ে সভাপতি ও দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান ২৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন৷ গণিত বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ ২৮২ ভোট পেয়ে সহসভাপতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান ২৬৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা ২৫৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জয়ী হন৷ নির্বাহী সদস্য পদে বিজয়ী হন রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরুল ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. লুত্ফর রহমান, প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কবিরুল বাশার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা পারভীন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. খালিদ কুদ্দুস৷