ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার অবস্থান কর্মসূচি শেষে তাঁরা প্রশাসনের এই তিন কর্তাব্যক্তির কুশপুত্তলিকা দাহ করেন। অন্যদিকে ক্লাস-পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয়টি কার্যত অচল রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষকেরা গতকাল বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচি শেষে বেলা পৌনে ১২টায় শিক্ষকেরা উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য মো. কামালউদ্দিন ও কোষাধ্যক্ষ শাহজাহান আলীর কুশপুত্তলিকা দাহ করেন।এদিকে ক্লাস-পরীক্ষা শুরু করার দাবিতে বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন। এরপর ১২টায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। পৌনে একটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। এরপর তাঁরা ক্লাস-পরীক্ষা চালু ও আসন্ন শীতকালীন ছুটি বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।