রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।প্রশাসনের শীর্ষ তিন কর্তাব্যক্তির অনুপস্থিতির কারণে সৃষ্ট অচলাবস্থার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় সমিতির নেতারা সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে এ দাবি জানিয়েছেন। সংবাদ সমেঞ্চলনে শিক্ষক সমিতির সভাপতি মু. আজাহার আলী ও সাধারণ সম্পাদক সুলতান-উল-ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারি থেকে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ তিনটি শূন্য রয়েছে। ১৭ দিন ধরে এই পদগুলো পূরণ না হওয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম। ফলে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে যোগদান, উচ্চশিক্ষা ও গবেষণা, চিকিৎসার্থে বিদেশ গমনের অনুমতি, পরীক্ষাসংক্রান্ত কাজে প্রশাসনিক অনুমোদন, সনদপত্র ইস্যুসহ গুরুত্বপূর্ণ কাজগুলো স্থবির হয়ে গেছে। দ্রুত এই পদগুলো পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সব শ্রেণীর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন অনিশ্চিত হয়ে পড়বে। সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করা হয়, বিগত প্রশাসন যথাসময়ে পদ তিনটির মেয়াদকাল শেষ হওয়ার বিষয়ে সরকারকে অবহিত না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও এ ব্যাপারে উদাসীন রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্বাধীনতার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম বলে সংবাদ সমেঞ্চলনে জানানো হয়।বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এম এ বারী জানান, পদগুলো শূন্য হয়ে থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে। উপাচার্য নিয়োগের জন্য সরকারের উচ্চপর্যায়ে বিভিন্নভাবে বিষয়টি জানানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।