উপাচার্যসহ তিনজনের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় আধ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন পালিত হয়। শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক ও অর্ধশত কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। বেলা সাড়ে ১১টায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পুনরায় মানববন্ধনে মিলিত হন। মানববন্ধন শেষে একই স্থানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ছ ম তরিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবুল আহসান চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান, তোজামেঞ্চল হোসেন, এ কে এম মতিনুর রহমান, আলীনুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি ও বাণিজ্য হয়েছে, তা উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ করেছেন। তাঁদের দেওয়া অবৈধ নিয়োগের কারণে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে তাঁদের পদত্যাগ করতে হবে, নইলে তাঁদের পদত্যাগে বাধ্য করা হবে। সমাবেশ থেকে ১৯ নভেম্বর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।