গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৯ জুন জয়দেবপুর থানায় এ মামলা হয়েছে। মামলাটি ওই দিনই দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্থানান্তর করা হয়েছে।মামলার আসামিরা হলেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, সাবেক রেজিস্ট্রার ফিরোজ আহমদ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোল্লা মাহফুজ আল হোসেন, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ফাহিমা সুলতানা, প্রক্টর ও উপ-রেজিস্ট্রার এইচ এম তায়েহীদ জামাল, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) দিলরুবা বেগম, সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান, আইনবিষয়ক ইউনিটের বেতন ও কল্যাণ শাখার সহকারী পরিচালক মো. শাহাবুদ্দীন ও শেখ মুহাম্মদ মুফাজ্জল হুসাইন এবং সেকশন অফিসার মো. আবুল হোসেনসহ অজ্ঞাত আরও অনেকে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়াত সাবেক উপাচার্য আফতাব আহমাদের সময়ে এক হাজার ২২২ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে গণনিয়োগ দেওয়া হয়। এ ঘটনা মামলার বাদী জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে ৩০ মার্চ স্পিকার শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেন। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের অনুমোদনক্রমে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অবৈধ গণনিয়োগ ও দুর্নীতির সত্যতা পাওয়ায় ওই ধরনের দুর্নীতি ও অবৈধ নিয়োগ বন্ধে ২০১০ সালের ৩ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। এতে গণনিয়োগ ও পদোন্নতিপ্রাপ্তদের পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, শিক্ষা ছুটির জন্য মনোনয়ন ও দক্ষতাসীমা অতিক্রমসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার জানান, মামলাটি ওই দিনই দুদকে স্থানান্তর করা হয়েছে।