উপাচার্যের অনিয়ম ও দুর্নীতি তদন্তে ইউজিসির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের কমিটি করেছে। আগামী শনিবার ওই কমিটির সদস্যরা তদন্ত করতে ক্যাম্পাসে আসছেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক ও তদন্ত কমিটির সদস্যসচিব প্রকৌশলী জিয়াউর রহমানের সই করা এ-সংক্রান্ত একটি চিঠি গত রোববার ই-মেইলযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় পৌঁছেছে।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষ থেকে উপাচার্য এম অহিদুজ্জামানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, প্ল্যানিং কমিটি গঠন ও শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়ম, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার তথ্যপ্রমাণসহ অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মমিনুল হক গতকাল মঙ্গলবার বলেন, রোববার তিনি ইউজিসির চিঠিটি পেয়েছেন। পরে এ বিষয়ে কমিটির সদস্যসচিবের সঙ্গে কথাও বলেছেন। উপাচার্যের অনুমতিক্রমে তদন্তকাজে কমিটির সদস্যদের যথাযথ সহযোগিতা করা হবে।

ওই চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠি ও দাখিল হওয়া অভিযোগ তদন্ত করার জন্য ইউজিসি কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ২৩ এপ্রিল (শনিবার) সকাল নয়টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, ইউজিসি থেকে পাঠানো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যদি অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে চান, তবে তাঁদের উল্লিখিত তারিখে ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য চিঠিটি বহুল প্রচারের অনুরোধ করা হয়। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত রেজিস্ট্রারের দপ্তর চিঠিটি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। প্রচারের ব্যবস্থা করা হয়নি।

এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে অভিযোগকারী কারা, তা তিনি জানেন না। ইউজিসি থেকেও তাঁকে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তাই ইউজিসির চিঠিটি কাউকে দেওয়ার প্রয়োজন পড়েনি।

সূত্র জানায়, উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে গত প্রায় দুই মাসে উপাচার্যবিরোধী হিসেবে পরিচিত কিংবা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বেশ কয়েকজন শিক্ষকনেতা ও শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অবস্থায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার শিক্ষকনেতারা বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, তদন্ত কমিটি যদি উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য দিতে বলে, তবে অনেকেই দেবেন। কিন্তু প্রকাশ্যে তদন্ত কমিটির সামনে এসে কেউই কথা বলবেন না। কারণ, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার শিক্ষকেরা অনেকটা জিম্মি অবস্থায় রয়েছেন।