রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান ধর্মঘট চলছে। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পাঁচজন শিক্ষক ও এক কর্মকর্তা পদত্যাগ করেছেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফলাফল জালিয়াতি করে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে ১৫ নভেম্বর এ আন্দোলন শুরু হয়। তবে ভর্তি পরীক্ষার কারণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে শুরু হওয়া এ আন্দোলন পরে ২৫ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। পূর্বঘোষণা অনুযায়ী গত সোমবার থেকে আবার আন্দোলনে নামে পরিষদ।পদত্যাগ করা শিক্ষক-কর্মকর্তারা হলেন: শহীদ সেলিম হলের প্রাধ্যক্ষ এন এইচ এম কামরুজ্জামান সরকার, সহকারী প্রাধ্যক্ষ শহীদুল ইসলাম, শহীদ হামিদ হলের সহকারী প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আজিজুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ইজারা কমিটির সভাপতি আবদুল আলীম। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক শামীমুর রহমান পদত্যাগ করেন।