উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা না মানার অভিযোগ এনে উপাচার্যের অপসারণের দাবি করা হয়েছে। গতকাল সোমবার এক মানববন্ধনে এই দাবি করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল জেলা ও মহানগর শাখা। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

গতকাল বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন করা হয়। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বরিশাল মহানগরের আহ্বায়ক শেখ সাঈদ আহম্মেদ। বক্তব্য দেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি কাজল ঘোষ, সহসভাপতি শুভংকর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এ এম জি কবির, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।

বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হচ্ছে না। এ ছাড়া নিয়োগ-প্রক্রিয়ায় নানা অনিয়ম করা হচ্ছে। অবিলম্বে এই নিয়োগ-প্রক্রিয়া বাতিল করা হোক। মুক্তিযোদ্ধা কোটা কার্যকর এবং ‘দুর্নীতিবাজ ও স্বাধীনতাবিরোধী’ উপাচার্যকে অপসারণ করা হোক।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। এরপর ওই দাবিতে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

উপাচার্য এস এম ইমামুল হক প্রথম আলোকে বলেন, নিয়োগ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম করা হয়নি। আগে পরীক্ষা হতো না, এখন লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।