বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করাসহ নানা অনিয়মের অভিযোগে উপাচার্য এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবালের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বীর উত্তম, সাংস্কৃতিক সংগঠক কাজল ঘোষ, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা সৈয়দ আনিচুর রহমান, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ সাঈদ আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এবং চলমান নিয়োগ-প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সমতা বিধান প্রজ্ঞাপনকে অবজ্ঞা করা হয়েছে। বিতর্কিত ওই নিয়োগ-প্রক্রিয়া বাতিলসহ উপাচার্য এস এম ইমামুল হককে অপসারণ করতে হবে।
এ ব্যাপারে উপাচার্য এস এম ইমামুল হক প্রথম আলোকে বলেন, নিয়োগ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগ দেওয়া হবে না, এমন কোনো শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে নেই। বিশ্ববিদ্যালয়ের ভেতরের একটি পক্ষ সুবিধা পাবে না ভেবে অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক সংগঠকদের ভুল বুঝিয়েছে। অপসারণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে অনেক কিছু চাইতে পারেন। সরকার উপাচার্য নিয়োগ দিয়েছে। সরকার চাইলে তাঁকে অপসারণও করতে পারেন।