ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভ্যর্থনাকক্ষে ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিষয়ে উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেখা করতে না পেরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে ভর্তিসংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে যান। উপাচার্য তখন একটি সভায় ব্যস্ত থাকায় তাঁদের সঙ্গে কথা বলতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী উপাচার্যের অভ্যর্থনা কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
এ ঘটনায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মো. কামালউদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা আনন্দ মিছিল করার পর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাই। উনি ব্যস্ত থাকায় আমরা বের হয়ে আসার পর কয়েকজন নেতা-কর্মী উপাচার্যের অভ্যর্থনাকক্ষে ভাঙচুর চালাচ্ছেন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে আসি।’
প্রক্টর মাহবুবর রহমান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।