সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা উপাচার্যের কার্যালয় প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখেন। বিক্ষোভের মুখে জড়িত ব্যক্তিদের শাস্তির আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। গত ১ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের পেছনের গেটের দিকে বালুচর নয়াবাজারে বহিরাগত সন্ত্রাসীরা দুই ছাত্রকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ওই ছাত্রকে উদ্ধার করতে গেলে তাঁরাও সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় গত রোববার থেকে সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভের চতুর্থ দিনে গতকাল দুপুর ১২টায় ছাত্রছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের ভেতর ঢোকেন। তাঁরা প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় ভেতরে আটকা পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার। একপর্যায়ে উপাচার্য বিক্ষোভরত ছাত্রছাত্রীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করার কথা বলেন। তাৎক্ষণিক গঠিত ২০ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ের ভেতরে আলোচনায় বসে। প্রায় এক ঘণ্টা আলোচনার পর উপাচার্য হামলার ঘটনায় বিচারের আশ্বাস দেন। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল আউয়াল বলেন, ঘটনাটি দুঃখজনক। যে বা যারা ওই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।