কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, হট্টগোল ও গালাগালের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে উপাচার্যের উপস্থিতিতে তাঁর দপ্তরে এ ঘটনা ঘটে। শিক্ষকদের দুটি পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের তিন দফা দাবি নিয়ে গতকাল দুপুরে তাঁদের সঙ্গে উপাচার্য তাঁর দপ্তরে বৈঠকে বসেন। বৈঠকের একপর্যায়ে শিক্ষকদের আরেকটি পক্ষ সেখানে ঢুকে পড়ে। এ নিয়ে উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়। একপর্যায়ে উপাচার্য পরে আসা শিক্ষকদের বেরিয়ে যাওয়ার অনুরোধ করলে তাঁরা চলে যান। বেলা একটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। দাবিদাওয়া নিয়ে আজ মঙ্গলবার আবার আলোচনায় বসার সিদ্ধান্তের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এন এম রবিউল আউয়াল চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ভাষ্য অনুযায়ী, উপাচার্যের অনুমতি নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকেরা। বেলা তিনটার দিকে সেখানে ঢুকে পড়েন শিক্ষকদের একাংশের নেতা রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান ও নবনিযুক্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে একদল শিক্ষক। এ সময় মোহাম্মদ সৈয়দুর রহমান চিত্কার করে বলেন, ‘এখানে কিসের মিটিং? এদের এখানে কী?’ এ সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাস ও রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সেখানে ছুটে আসেন।
জানতে চাইলে রসায়ন বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য মোহাম্মদ সৈয়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য আমার নেতৃত্বে শিক্ষকদের একটি পক্ষ তাঁর দপ্তরের সামনে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করছিলেন। এ সময় উপাচার্যের কক্ষে উচ্চবাচ্য শুনে অন্য শিক্ষকদের নিয়ে আমি প্রবেশ করি। তখন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান আমাদের দেখে উপাচার্যকে বলেন, “আপনার বাহিনী এখানে এসেছে কেন?” তখনই আমি তাঁকে বলি, বাহিনী বলতে কী বুঝিয়েছেন? এরপর দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। পরে আমরা বেরিয়ে আসি।’
যোগাযোগ করলে উপাচার্য মো. আলী আশরাফ প্রথম আলোকে বলেন, শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে পরে কথা হবে। শিক্ষকদের হট্টগোল নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
গত রোববার বঙ্গবন্ধু পরিষদ তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য উপাচার্যকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। গতকাল নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হওয়ায় উপাচার্যের সঙ্গে দেখা করতে যান তাঁরা।
বঙ্গবন্ধু পরিষদের দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান এম এম শরীফুল করীম ও নবনিযুক্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে তাঁদের পদ থেকে অব্যাহতি এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অপারেটর খলিলুর রহমানকে চাকরি থেকে অপসারণ।