উপাচার্যের কাছে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রীদের
নয় ঘণ্টার বেশি সময় অবস্থান করার পর গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছে সুফিয়া কামাল হলের ছাত্রীরা। রাজনৈতিকভাবে হলে ওঠা ছাত্রীদের সুবিধা দেওয়া ও তাঁদের হাতে প্রশাসনিকভাবে ওঠা ছাত্রীদের হয়রানির ব্যাপারে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়েছেন তাঁরা।
পদত্যাগের দাবির ব্যাপারে উপাচার্য কী বলেছেন জানতে চাইলে ছাত্রীরা আজ রোববার বলেন, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাদের কাছে সময় চেয়েছেন। বলেছেন, দেখি কী করা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য কিছু বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে সুফিয়া কামাল হলের একাধিক ছাত্রীর সঙ্গে কথা বলে প্রথম আলো। শিক্ষার্থীরা বলেন, এক-দেড় বছর ধরেই হলে বিভিন্ন অব্যবস্থাপনা হচ্ছে। হলে প্রশাসনিক ও রাজনৈতিক-দুইভাবে ছাত্রীরা ওঠেন। কিন্তু রাজনৈতিকভাবে যাঁরা ওঠেন তাঁদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়। প্রশাসনিকভাবে উঠলেও বিভিন্ন সময় ছাত্রলীগের নেত্রীরা তাঁদের কক্ষ পরিবর্তন করে দেন। এতে প্রাধ্যক্ষ নীলুফার নাহার সহযোগিতা করেন। তাঁর কাছে বিচার চাইলে তিনি কিছু বলেন না।
ছাত্রীরা জানান, শুক্রবার রাতেও একজন ছাত্রীর কক্ষ পরিবর্তন করে দেওয়া হয়। আবাসিক শিক্ষক তাহমিনা ইয়াসমিন এর বিরোধিতা করলে তাঁর সঙ্গে ছাত্রলীগের নেত্রীরা খারাপ আচরণ করেন। পরে বিচার চাইতে গেলে প্রাধ্যক্ষ তাঁকে কক্ষ পরিদর্শন ও আসন বরাদ্দের দায়িত্ব থেকে বাদ দেন।
যোগাযোগ করা হলে সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ নীলুফার নাহার বলেন, হলে থাকা ছাত্রীরা সব সুযোগ-সুবিধাই পাচ্ছে। তিনি স্বীকার করেন রাজনৈতিকভাবে কিছু সংখ্যক ছাত্রীকে হলে তোলা হয়েছে। তাঁর অভিযোগ, হলের আবাসিক শিক্ষক তাহমিনা ইয়াসমিন নিয়মের বাইরে গিয়ে ছাত্রীদের হলে তুলতেন। হলের নিয়ন্ত্রণ রাখতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আবাসিক শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। গতকাল তাহমিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে উপাচার্যের সঙ্গেই তিনি কথা বলবেন। ছাত্রীদের অবস্থান আর তাঁর সমস্যা এক নয়।
ছাত্রীদের অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য ছাত্রলীগের সভাপতি খালেদা ইসলাম ও সাধারণ সম্পাদক তিলোত্তমা শিকদারকে দুপুরে ফোন করা হয়। কিন্তু তাদের ওই সময় ফোনে পাওয়া যায়নি।
গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ওই হলের ৩৫-৪০ জন ছাত্রী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁরা উপাচার্যের সঙ্গে দেখা করেন।
আরও জানতে পড়ুন:
উপাচার্যের জন্য নয় ঘণ্টা অপেক্ষা...