ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি ভাঙচুর এবং স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। গতকাল বৃহস্পতিবার রাতে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের নেতৃত্বে তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেজবাহ উদ্দীন, সিন্ডিকেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহিন এবং পরিবেশবিজ্ঞান অনুষদের ডিন ও সূর্য সেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল।
এ ছাড়া সিন্ডিকেট সভায় যৌন হয়রানির অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্মরণিকা প্রকাশ করে। এই স্মরণিকায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদ্যাপন কমিটির সদস্যসচিব রেজাউর রহমানের লেখা ‘স্মৃতি অম্লান’ শিরোনামে নিবন্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি তুলে ধরে লেখা হয়, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’
এর জের ধরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।