জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকেরা গতকাল সোমবার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের গাড়ির চাবি কেড়ে নিয়েছেন। তাঁদের কাছে এভাবে লাঞ্ছিত হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টার দিকে উপাচার্য ক্যাম্পাসে এসে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদের বাসায় যান। উপাচার্যের ক্যাম্পাসে আসার খবর পেয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের প্রায় অর্ধশত শিক্ষক সহ-উপাচার্যের বাসায় আসেন এবং উপাচার্যকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। তাঁরা উপাচার্যের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া গাড়িটির চাকার হাওয়া ছেড়ে দেন এবং গাড়ির চাবি কেড়ে নেন। এ অবস্থায় উপাচার্য সকাল সোয়া ১০টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়েরের গাড়িতে করে ক্যাম্পাস ছাড়েন।
জানতে চাইলে ঐক্য ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য ছুটিতে আছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে তিনি ব্যক্তিগত কাজ করছেন। তাই আমরা গাড়ি জব্দ করিছি। আর আগেই আমরা জানিয়েছি, আনোয়ার হোসেন ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁকে প্রতিহত করা হবে।’
উপাচার্যের ফোন বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপাচার্য আনোয়ার হোসেন গত ২০ নভেম্বর থেকে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে ছুটিতে আছেন। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন। ৫ ডিসেম্বর আনোয়ার হোসেন পুলিশ প্রহরায় ক্যাম্পাস ছাড়েন। ৯ ডিসেম্বর আন্দোলনকারীরা উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার ঘোষণা ও তাঁর বাসভবনে তালা দেন।