বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া বরাদ্দ অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য ৪৫ লাখ টাকার পাজারো গাড়ি কেনা হচ্ছে। অথচ ইউজিসি গবেষণা খাতে বরাদ্দ দিয়েছে মাত্র আট লাখ টাকা। এ নিয়ে গবেষক-শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।বিশ্ববিদ্যালয়ের বাজেট বইয়ের তথ্য ঘেঁটে দেখা যায়, ইউজিসি ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির জন্য ৪৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বর্তমানে উপাচার্যের ব্যবহূত গাড়িটি ২০০৬ সালে ১৭ লাখ টাকায় কেনা হয়। গাড়িটি এখনো সচল। এরপরও আরেকটি নতুন গাড়ি কেনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘অনেক বছর পর পর নতুন গাড়ি কেনায় বরাদ্দ দেওয়া হয়। এবার নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের জন্য একটি গাড়ি কেনার অর্থ বরাদ্দ দিয়েছে ইউজিসি।’ উপাচার্য দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আগের তুলনায় বরাদ্দ বেড়েছে। গবেষণা খাতে বর্তমানে বিশ্ববিদ্যালয় ছাড়াও দুটি প্রতিষ্ঠান অর্থ বরাদ্দ দিচ্ছে। ওই দুটি হচ্ছে ইউজিসি ও বিশ্বব্যাংক।অনুসন্ধানে জানা গেছে, ইউজিসি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০১১-২০১২ অর্থবছরের মূল বাজেটের বরাদ্দ নিয়ে একটি চিঠি পাঠায়। ইউজিসি বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেটে ১০৩ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। আর ২০১১-২০১২ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ১০৩ কোটি ৬০ লাখ টাকা।প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেট গতকাল বুধবার সিনেটে অধিবেশনে পাস হয়েছে। একই অধিবেশনে ২০১১-২০১২ অর্থবছরের বাজেট পেশ করা হয়।বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং গবেষক শিক্ষক মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ‘বাজেটে গবেষণা খাতে মাত্র আট লাখ টাকা আর উপাচার্যের গাড়ি কেনায় ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!’আল-আমিন আরও বলেন, ইউজিসির গবেষণা প্রতিবেদনেই দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত ও শিক্ষকদের শিক্ষণ পদ্ধতির দুরবস্থা। সেখানে এ প্রতিষ্ঠান গবেষণা খাতে অপ্রতুল বরাদ্দ দিয়ে উপাচার্যের গাড়ি কেনায় ৪৫ লাখ টাকা বরাদ্দ কীভাবে দিল?বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক মু. আবদুল মোনায়েম বলেন, উপচার্যের জন্য নতুন গাড়ি কিনতে ইউজিসি ৪৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ জন্য একটি কমিটি করা হবে। ২০১০-২০১১ অর্থবছরের বরাদ্দ হওয়ায় শিগগিরই গাড়ি কিনতে হবে। ইউজিসি বিশ্ববিদ্যালয় বাজেটের অর্থ ব্যয়ে ছয়টি নির্দেশনা দিয়েছে। পাঁচ নম্বর নির্দেশনায় বলা হয়েছে, ‘২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেটে উপাচার্যের জন্য প্রগতির তৈরি একটি পাজারো জিপ বদলি বাবদ ৪৫ লাখ টাকা মূলধন মঞ্জুরি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।