চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের ব্যবহারের জন্য সাড়ে ৭৬ লাখ টাকা দিয়ে সম্প্রতি একটি পাজেরো গাড়ি কেনা হয়েছে। চলতি অর্থবছরের (২০১২-২০১৩) বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এই গাড়ি কেনা হয়েছে। অথচ একই অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে মাত্র ২০ লাখ টাকা বরাদ্দ ছিল। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের চেয়ে উপাচার্যের গাড়ির দাম প্রায় চার গুণ বেশি হওয়ায় এ বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। নতুন গাড়িটি কিনতে চলতি অর্থবছরের মোট বাজেটের প্রায় ৪ শতাংশ ব্যয় হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্যের ব্যবহারের জন্য আগে একটি গাড়ি (চেসিস নং ০০০২৫৯) ২০০৬ সালে র্যাংগস লিমিটেড থেকে কেনা হয়। ওই সময় গাড়িটির দাম ছিল ১৯ লাখ ৫৮ হাজার টাকা, যেটি ১৯৯৭ সিসির গাড়ি। আগের গাড়িটি কিনতে ওই অর্থবছরের মোট বাজেটের প্রায় ২ দশমিক ৫ শতাংশ অর্থ ব্যয় হয়। ওই গাড়িটি চলাচলের এখনো উপযোগী রয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগের কেনা গাড়িটি ব্যবহারের উপযোগী থাকা সত্ত্বেও সাড়ে ৭৬ লাখ টাকা দিয়ে ২৪৭৭ সিসির মিতসুবিসি পাজেরো স্পোর্ট জিপ কেনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক ও কর্মকর্তারা। নতুন গাড়িটি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হয়, যার জন্য চেক জমা দেওয়া হয় গত ৭ সেপ্টেম্বর।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, চুয়েট ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার জন্য বাসের সংখ্যা অপ্রতুল। উপাচার্যের জন্য ব্যবহূত একটি গাড়ি উপযোগী থাকা সত্ত্বেও আরেকটি বিলাসবহুল গাড়ি কেনা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। অথচ গবেষণা ও পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্তু গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২০ লাখ টাকা। এটা গবেষকদের উপহাস করা ছাড়া আর কিছু নয়। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য নির্দিষ্ট বাজেট থেকে পাজেরো গাড়িটি কেনা হয়েছে। তবে গবেষণা খাতে আমাদের বরাদ্দ আছে, যা এখনো ইউজিসি পুরোপুরি দেয়নি।’উপাচার্যের গাড়ি ক্রয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (কম্পট্রোলার) মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বাজেটে বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ ছিল, সেই বাজেট থেকে উপাচার্যের জন্য গাড়ি কেনা হয়েছে। এ ব্যাপারে ইউজিসি অনুমোদন দিয়েছে।