উপাচার্যের জন্য নয় ঘণ্টা অপেক্ষা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আসন বণ্টনে অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য তাঁর বাসভবনের সামনে নয় ঘণ্টার বেশি অবস্থান করেছেন হলের একদল শিক্ষার্থী।
গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ওই হলের ৩৫-৪০ জন ছাত্রী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। তাঁদের দাবি সম্পর্কে জানতে চাইলে তাঁরা বিষয়টি একমাত্র উপাচার্যকেই জানাবেন বলে জানান।
তবে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ছাত্রীদের সঙ্গে দেখা করে কথা বলেন। পরে অধ্যাপক আমজাদ সাংবাদিকদের বলেন, তাঁরা হলের কিছু অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে এসেছেন। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে থাকায় এখন দেখা করা সম্ভব নয়।
রাত নয়টার দিকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছাত্রীরা তখনো উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, তাঁরা হলের বিষয়ে কথা বলতে এসেছেন, এখন হলে ফিরে যেতে ভয় পাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে সুফিয়া কামাল হলের একাধিক ছাত্রীর সঙ্গে কথা বলে প্রথম আলো। শিক্ষার্থীরা বলেন, এক-দেড় বছর ধরেই হলে বিভিন্ন অব্যবস্থাপনা হচ্ছে। হলে প্রশাসনিক ও রাজনৈতিক—দুইভাবে ছাত্রীরা ওঠেন। কিন্তু রাজনৈতিকভাবে যাঁরা ওঠেন, তাঁদের হাতে প্রশাসনিকভাবে ওঠা ছাত্রীরা হয়রানির শিকার হন। প্রশাসনিকভাবে উঠলেও বিভিন্ন সময় ছাত্রলীগের নেত্রীরা তাঁদের কক্ষ পরিবর্তন করে দেন। এতে প্রাধ্যক্ষ সহযোগিতা করেন। তাঁর কাছে বিচার চাইলে তিনি কিছু বলেন না।
ছাত্রীরা জানান, শুক্রবার রাতেও একজন ছাত্রীর কক্ষ পরিবর্তন করে দেওয়া হয়। একজন আবাসিক শিক্ষক এর বিরোধিতা করলে তাঁর সঙ্গে ছাত্রলীগের নেত্রীরা খারাপ আচরণ করেন। পরে বিচার চাইতে গেলে প্রাধ্যক্ষ তাঁকে বরখাস্ত করেন।
ওই আবাসিক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে উপাচার্যের সঙ্গেই তিনি কথা বলবেন। ছাত্রীদের অবস্থান আর তাঁর সমস্যা এক নয়।
জানতে চাইলে সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ নীলুফার নাহার প্রথম আলোকে বলেন, ওই শিক্ষককে বরখাস্ত করা হয়নি, বরং তাঁর দায়িত্ব থেকে কক্ষ পরিদর্শন এবং আসন বরাদ্দ অংশটি বাদ দেওয়া হয়েছে। কেননা, তিনি প্রশাসনের বাইরে গিয়ে ছাত্রীদের হলে উঠিয়েছিলেন। তিনি বলেন, নতুন হল নির্মাণের পর এখানে অন্য হলের ছাত্রীরাও ওঠায় এখন হলে তীব্র আসনসংকট। প্রথম বর্ষের ছাত্রীদের শুধু ভর্তির মেধাক্রমের ওপর ভিত্তি করে ছাত্রীদের আসন দেওয়া হচ্ছে। কে পলিটিক্যাল, কে নন-পলিটিক্যাল, তা দেখা হচ্ছে না।