সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে উপাচার্যকে হুমকি ও তাঁর দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া।
অভিযোগে উপাচার্য উল্লেখ করেছেন, মঙ্গলবার বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষকেরা তাঁর কক্ষে ঢুকে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় তাঁরা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষ থেকে বের করে দিয়ে তাঁর নিয়মিত কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ও তাঁকে হুমকি-ধমকি দেন।
তবে অভিযোগ অস্বীকার করে আন্দোলনরত শিক্ষকদের একাংশের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ শামসুল আলম বলেন, ‘আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। উপাচার্যের কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি কিংবা কোনো কর্মকর্তা-কর্মচারীদের বের করেও দিইনি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
শিক্ষামন্ত্রীর বৈঠক: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উপাচার্যবিরোধী সরকার-সমর্থক শিক্ষকদের আরেকটি ফোরাম ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১২ জন শিক্ষক অংশ নেবেন বলে জানা গেছে।
এ বিষয়ে ফোরামের আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি নিয়ে সংগঠনের ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করবেন। শিক্ষক সমিতির সভাপতি মো. কবির হোসেন বলেন, ‘যাঁরা চলমান উপাচার্যবিরোধী আন্দোলনের সঙ্গে নেই এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার স্বার্থে কাজ করছে, সমিতির এমন প্রতিনিধিদের নিয়ে বৈঠকে আমরা অংশ নেব।’