উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক ইফতেখার উদ্দিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম উপাচার্য হিসেবে গতকাল সোমবার দায়িত্ব নিয়েছেন ইফতেখার উদ্দিন চৌধুরী। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ ২ জুন তাঁকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বলেন, তাঁর প্রধান লক্ষ্য হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদকে কার্যকর রাখা। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা।
নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় উপাচার্য দপ্তরে এক সভা হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, সাবেক উপাচার্য মোহাম্মদ ফজলী হোসেন এবং এ জে এম নূরুদ্দীন চৌধুরী, সাবেক সহ-উপাচার্য মুহাম্মদ শামসুদ্দিন, অধ্যাপক মঈনুল ইসলাম, সিনেট সদস্য ইমরান হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, ডিনস কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, সিন্ডিকেট সদস্য মোজাফ্ফর আহমদ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, প্রভোস্ট কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ, রসায়ন বিভাগের সভাপতি শামীম আক্তার, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর চৌধুরী প্রমুখ।
নবনিযুক্ত উপাচার্যের উদ্দেশে স্বরচিত কবিতা পাঠ করেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ মহীবুল আজিজ।