দুঃখ প্রকাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে করা মানহানির মামলা তুলে নিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালেহ উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার চট্টগ্রাম ক্লাবে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমার কাছে ক্ষমা চান। আমাকে যে কথাগুলো বলেছিলেন, সেগুলো অনিচ্ছাকৃত ছিল বলে তিনি স্বীকার করে নেন। কথাগুলো বলার জন্য তিনি অনুতপ্ত বলে দুঃখ প্রকাশ করেন। আমাকে ক্ষমার দৃষ্টিতে বিষয়টি দেখার অনুরোধ করেন। তিনি আমার জুনিয়র হওয়ায় আমি তাঁকে মাফ করে দিয়েছি এবং আজ (গতকাল মঙ্গলবার) মামলা তুলে নিয়েছি।’
শিক্ষক গাজী সালেহউদ্দিন গত ১ জুলাই থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন। ১২ ডিসেম্বর উপাচার্যের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন তিনি। অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ২৮ নভেম্বর একটি অনুষ্ঠানে উপাচার্য তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা বলেছেন। এতে তাঁর মানহানি হয়েছে।
ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঠাট্টার ছলে একটি কথা বলেছিলাম আমি। সেটাকে গাজী সালেহ উদ্দিন স্যার মনে করেছিলেন, উনি যে মুক্তিযোদ্ধা তা নিয়ে আমি সংশয় প্রকাশ করেছি। উনি যেহেতু মনে কষ্ট পেয়েছেন, তাই এ ব্যাপারে আমি দুঃখিত। তাঁকে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি। উনি আমার অনুরোধ রেখেছেন।’