ছাত্রলীগের চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও একটি বিজ্ঞানাগার ভবনের নির্মাণকাজ এখনো পুরোদমে শুরু হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদারদের নিরাপত্তার আশ্বাস দেওয়ায় দুটি ভবনের কিছু অংশের নির্মাণকাজ শুরু হয়েছে। কিন্তু মারধরের ভয়ে শ্রমিকেরা কাজে যোগ দিতে রাজি না হওয়ায় অন্য দুটি হলের নির্মাণকাজ এখনো শুরু হয়নি।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে, চারটি ভবনেরই নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নির্মাণ এলাকা পরিদর্শনে যান। তাঁরা ঠিকাদার ও নির্মাণশ্রমিকদের কাজ শুরু করার জন্য বলেন।সরেজমিনে দেখা গেছে, নির্মীয়মাণ শেখ হাসিনা হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগার ভবনের নির্মাণকাজ বন্ধ আছে। তবে শেখ ফজিলাতুননেসা মুজিব হল ও বেগম সুফিয়া কামাল হলের নির্মাণকাজ শুরু হয়েছে।উপাচার্য আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঠিকাদারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্মাণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে তাঁরা কাজ শুরু করেছেন। আজ থেকে পুরোদমে কাজ শুরু হবে বলেও তিনি আশা করেন।নির্মীয়মাণ শেখ হাসিনা হলে গিয়ে দেখা যায়, সেখানেও নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ সময় ওই হলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানেও দুই দিন ধরে কাজ বন্ধ রয়েছে।