উপাচার্যের পক্ষে আ.লীগের একাংশের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের একটি অংশ বিশ্ববিদ্যালয় রক্ষা কমিটির ব্যানারে উপাচার্যের পক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে। আর উপাচার্যের পদত্যাগের দাবিতে সিপিবি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও বাসদ যৌথ সংবাদ সম্মেলনে আজ বুধবার গণ-অনশনের কর্মসূচি ঘোষণা করেছে।বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে স্থানীয় একটি হোটেলে পাঁচটি রাজনৈতিক দল যৌথ সংবাদ সম্মেলন করে। এতে সিপিবির জেলা সভাপতি শাহাদত হোসেন, জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কাজী মাজিরুল ইসলাম, বাসদের সমন্বয়ক আবদুল কুদ্দুস, তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মামুনুর রহমান বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তাঁর পদত্যাগ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া উপাচার্যবিরোধী আন্দোলন বেগবান করার জন্য আজ সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে প্রতীকী গণ-অনশন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী গণমঞ্চ ও আন্দোলনরত সচেতন শিক্ষার্থীরা।অন্যদিকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি পক্ষ উপাচার্যের পক্ষে গতকাল বিকেলে প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন করেছে। এ সময় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, ইদ্রিস আলী ও দিলশাদ হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম। বক্তারা উপাচার্যের চাকরির মেয়াদ বাড়ানোর দাবি জানান।বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ এনে গত বৃহস্পতিবার চার শিক্ষক ও দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করার জের ধরে গত শনিবারের সহিংস ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।