উপাচার্যের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। রংপুর প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। একই দিন উপাচার্যের পক্ষে মহানগর আওয়ামী লীগের একটি অংশ শহরে বিক্ষোভ করেছে।প্রেসক্লাবের সামনে অনশন চলাকালে বক্তৃতা করেন রংপুর সিপিবির সভাপতি শাহাদত হোসেন, গণতন্ত্রী পার্টির জেলা কমিটির সভাপতি আরশাদ হারুন, জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কাজী মাজিরুল ইসলাম, বাসদের সমন্বয়ক আবদুল কুদ্দুস ও গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তৌহিদুর রহমান। এ ছাড়া কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তৃতা করেন রংপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শাশ্বত ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, উপাচার্যের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উপাচার্যের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান বক্তারা।অপরদিকে কতিপয় স্বার্থান্বেষী মহল উপাচার্যের বিরুদ্ধে এই আন্দোলন করছে—এমন অভিযোগ এনে এবং এর প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের তিন সহসভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, ইদ্রিস আলী ও দিলশাদ হোসেনের নেতৃত্বে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি অংশ গতকাল বুধবার শহরে বিক্ষোভ করে। এ ছাড়া গত মঙ্গলবার প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় রক্ষা কমিটির ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা উপাচার্যের চাকরির মেয়াদ বাড়ানোর দাবি জানান। আগামী ৬ মে উপাচার্যের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে ১৯ এপ্রিল চার শিক্ষক ও দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরই জের ধরে গত শনিবার সহিংস ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।