নারী কেলেঙ্কারির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হকের পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন অব্যাহত রেখেছেন আওয়ামীপন্থী শিক্ষকেরা। তবে নিজেকে নির্দোষ দাবি করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনোভাবেই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন উপাচার্য।
এদিকে উপাচার্যের বিরুদ্ধে মানববন্ধন করায় সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ও এক সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার উপাচার্যের পক্ষে কর্মকর্তা-কর্মচারী ও বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকেরা পৃথক কর্মসূচি পালন করেন। সকাল ১০টায় উপাচার্যের পক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক কমান্ডের ব্যানারে মানববন্ধন হয়। মানববন্ধনে উপাচার্যের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের অশালীন আচরণ ও সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করা হয়।
বেলা ১১টায় নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ব্যানারে মানববন্ধন করেন আওয়ামীপন্থী শিক্ষকেরা। মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সভাপতি এ কে এম শামসুদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জমান, সদস্য এ কে এম জাকির হোসেন, আবু হাদী নূর আলী খান প্রমুখ।
কয়েক দিন আগে উপাচার্যের সঙ্গে তৃতীয় শ্রেণির এক নারী কর্মচারীর কথোপকথনের অডিও ক্লিপ ও বেশ কয়েকটি স্থিরচিত্র ফাঁসের ঘটনা ঘটে। ওই অডিও ক্লিপ ও স্থিরচিত্র ক্যাম্পাসসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
এদিকে বেলা দেড়টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক কমান্ড। কমান্ডার মীর সিরাজুল ইসলাম তাঁর স্বাক্ষরিত লিখিত বক্তব্যে উল্লেখ করেন, উপাচার্য একজন মুক্তিযোদ্ধা। তাঁকে অবমাননা করা মানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবমাননা করা।
উপাচার্যের প্রেস ব্রিফিং: গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য তাঁর বাসভবনে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, ‘যে অডিও ক্লিপ ও স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে আমি সম্পৃক্ত নই। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনোভাবেই পদত্যাগ করব না।’
প্রশাসনিক পদ থেকে অব্যাহতি: উপাচার্যের বিরুদ্ধে মানববন্ধন করায় সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. আলমগীর হোসেন ও সহকারী প্রক্টর আজহারুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের শিক্ষক উজ্জ্বল কুমার নাথকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন উপাচার্য।