উপাচার্য না থাকায় গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর ফলে অর্থসংক্রান্ত কাজ বন্ধের সঙ্গে শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১০ সালে বিশ্ববিদ্যালয় চালুর পর থেকেই সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদটি শূন্য আছে। এর মধ্যে উপাচার্য অধ্যাপক খায়রুল আলম খান তাঁর চার বছরের চুক্তির মেয়াদ শেষ করে গত ১৪ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক পদে যোগ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ না থাকায় কলেজের আর্থিক কর্মকাণ্ডে স্থবিরতার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৌচাগারের জন্য একটি সাবান কেনাও সম্ভব হচ্ছে না। এ অবস্থা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চলতি ডিসেম্বর মাসের বেতন ঠিক সময়ে পাবেন কি না, এ নিয়ে তাঁরা চরম উৎকণ্ঠায় আছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিভাগ ও একটি ইনস্টিটিউটে ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী আছেন। এর মধ্যে বাংলা, লোকপ্রশাসন বিভাগসহ পাঁচটি বিভাগের প্রধান হলেন উপাচার্য। শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর তাঁর স্বাক্ষর ছাড়া প্রকাশিত হবে না। ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, এমন অচলাবস্থা চলতে থাকলে পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘসূত্রতায় পড়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকির হোসেন বলেন, নতুন উপাচার্য না আসা পর্যন্ত আর্থিক ক্ষেত্রের এ অচলবস্থা কাটানো সম্ভব নয়। তবে কবে নাগাদ নতুন উপাচার্য নিয়োগ হবেন এ বিষয়ে কিছু জানা যায়নি।