রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতি গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও সমাবেশ করেছে। সেই সঙ্গে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দাবিতে পৃথক মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
গত ২ নভেম্বর থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষক সমিতি আন্দোলনের ডাক দেয়। সেটি এখন উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নিয়েছে। মঙ্গলবার শিক্ষক সমিতি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সেখানে বক্তব্য দেন নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বলেন, ‘উপাচার্যের পদত্যাগ ছাড়া আমাদের আর কোনো দাবি নেই।’ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা আন্তরিক। কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আমাদের (শিক্ষক সমিতি) চিন্তাভাবনা চলছে।’
এদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও প্রথম বের্ষ ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন হয়। আধা ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্য রাজু আহমেদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, প্রশাসনিক ভবনে তালা মারা থাকায় তাঁরা যেতে পারছেন না। তিনি আরও বলেন, ‘আমরা চাই ভর্তি পরীক্ষাটা অন্তত হোক।’ এ জন্য তিনি বিষয়টি নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ব্যাপারে উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২ নভেম্বর থেকে ২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে টানা প্রায় তিন মাস শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে। এতে কর্মকর্তা–কর্মচারীরা প্রশাসনিক ভবনে ঢুকতে পারছেন না। ফলে সব প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।