উপাচার্যের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নয় দফা দাবি থেকে সরে এবার উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুমকি দিয়েছেন তাঁরা।গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ভয়-ভীতি দেখালে তাঁরা এ ঘোষণা দেন। এ ছাড়া দিনভর তাঁরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পাবনা-ঢাকা মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পরিবহন শ্রমিকদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজন ছাত্র আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা শহরের রাজাপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে সমবেত হন। এ সময় শিক্ষকেরা ২০০ গজ দূরে সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাতে বাধা দেন। এ সময় প্রক্টরসহ কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মোজাফফর হোসেন বলেন, শিক্ষার্থীরা কোনো কিছুই মানছেন না। শিক্ষকদের ভয়-তীতি দেখানো প্রসঙ্গে তিনি বলেন, এটা অসম্ভব।