উপাচার্যের পদত্যাগ দাবি আন্দোলনরত শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবি পূরণ না হওয়ায় উপাচার্যের পদত্যাগের দাবিতে ১০ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।গতকাল বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই শিক্ষকেরা। এ সময় আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন ওই কর্মসূচির ঘোষণা দেন।এ ছাড়া অধ্যাপক নাসিম আখতার হোসাইন শিক্ষকসমাজের মূল বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় প্রাধান্য না দিয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিচ্ছে। স্বেচ্ছাচারী মনোভাব ও চলমান স্বার্থান্বেষী নিয়োগব্যবস্থার ফলে বরাবরই প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান উপাচার্য স্বেচ্ছাচারী মনোভাবের কারণে শিক্ষকদের দাবির যৌক্তিকতা অনুধাবনে ব্যর্থ হয়েছেন। শিক্ষকদের আন্দোলনের পরও বিভিন্ন ক্ষেত্রে উপাচার্য স্বার্থান্বেষী পদক্ষেপ গ্রহণে দ্বিধা করছেন না।কর্মসূচির প্রথম দিন রোববার রয়েছে গণসংযোগ, প্রশাসনিক দুর্নীতি, অনিয়ম ও ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে গণ-অভিযোগ বাক্স উদ্বোধন, পরদিন সোমবার ক্যাম্পাসের বিভিন্ন পেশাজীবী ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষকসমাজের সাধারণ সভা, বুধবার সাধারণ ধর্মঘট, বৃহস্পতিবার উপাচার্য পতনের দাবিতে মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন, ২৪ ও ২৫ মার্চ উপাচার্যের কার্যালয় অবরোধ, ২৭ ও ২৮ মার্চ সর্বাত্মক ধর্মঘট।এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক সোহেল রানা, মনোয়ার হোসেন, জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।