হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিনের অপসারণ দাবি করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার মানববন্ধন ও দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ওই দাবি জানায়।
এদিকে কতিপয় ছাত্রনেতা উপাচার্যের বিরুদ্ধে বিষোদগারে নেমেছেন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও নবগঠিত ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক ইফতেখারুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, গত রোববার বিকেল চারটার দিকে কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। মাত্র দুই ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
একই দিন বিকেলে বিনা কারণে উপাচার্য মো. রুহুল আমিন প্রতিহিংসাপরায়ণ হয়ে তিন ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করেন। তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খুললে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে হুঁশিয়ার করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত অরুণ কান্তি রায়, ডরমিটরি-২ হল শাখার সভাপতি এস এম জাহিদ হাসান, সাংস্কৃতিক জোটের সভাপতি আহসান হাবীবসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ছাত্রলীগের প্রায় ২৫ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে রাস্তায় ছাত্ররা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদালয়ে ছাত্র পরামর্শক বিষয়ক পরিচালক শাহাদাৎ হোসেন খান প্রথম আলোকে জানান, সংবাদ সম্মেলনকারীরা যেসব অভিযোগ করেছেন, তা পুরোপুরি মিথ্যা। গুটিকয়েক ছাত্রনেতা ছাত্রলীগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সব ধরনের উন্নয়নকাজে দখলদারি করতে চান। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়, না দিলে মারধর, ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়, এমনকি হলের আবাসিক ছাত্রদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজিসহ তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ায় এসব ছাত্র উপাচার্যসহ শিক্ষকদের বিরুদ্ধে বিষোদগারে নেমেছেন।