উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উপাচার্য গতকাল মঙ্গলবার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করলেও কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানান শিক্ষকেরা।এদিকে গতকালও কয়েকজন শিক্ষক শ্রেণীকক্ষের বাইরে পাঠদান (ক্লাস) করেছেন।গতকাল বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে, কলা অনুষদের নতুন কলা ভবন ও সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন কক্ষে তালা। শহীদ মিনার প্রাঙ্গণে গাছতলায় ক্লাস নেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও সহকারী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম। এ ছাড়া ইংরেজি, লোক প্রশাসন, নৃ-বিজ্ঞান, ভূতত্ত্ব, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে ক্লাস হয়েছে।গাছতলায় ক্লাস নেওয়ার কারণ জানতে চাইলে মঈনুল আলম বলেন, ‘এসে দেখি বিভাগের সামনে তালা ঝুলছে। তাই বাইরে ক্লাস নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি কোনোভাবেই মনে করি না, শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে ক্লাস বর্জন করতে হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমি চাই না।’যোগাযোগ করা হলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির সাধারণ সভায় উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সদস্য হিসেবে এই সিদ্ধান্ত কে পালন করল বা করল না, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়।’উপাচার্যের সঙ্গে বৈঠকের ব্যাপারে শরিফ উদ্দিন বলেন, ‘বরাবরের মতো আজও (মঙ্গলবার) উপাচার্য আমাদের পূর্ববর্তী দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। আগামী শনিবার জরুরি সাধারণ সভায় আমরা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করব। তবে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত থাকবে।’তবে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা করেছি। আশা করছি, খুব দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।’