জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আজ রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষক সমিতি। তবে সব ক্লাস ও পরীক্ষা এ আন্দোলনের বাইরে থাকবে বলে জানিয়েছেন শিক্ষকনেতারা। গতকাল শনিবার শিক্ষক সমিতির এক সাধারণ সভায় এ দাবি তোলা হয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হাতে ৬ এপ্রিল অর্থনীতি বিভাগের প্রভাষক ও সিন্ডিকেট সদস্য নুরুল হক লাঞ্ছিত হন। ১৩ এপ্রিল শিক্ষক সমিতির সাধারণ সভায় ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৮ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে বিচার না হওয়ায় উপাচার্যের পদত্যাগের দাবি করা হয়েছে বলে জানান তাঁরা। দাবি আদায়ে সাত দিনের কর্মসূচিও দিয়েছে সমিতি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ২১ এপ্রিল শিক্ষকদের মাঝে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, ২২ এপ্রিল সংবাদ সম্মেলন, ২৩ এপ্রিল মানববন্ধন, ২৪ এপ্রিল মৌন মিছিল, ২৫ এপ্রিল অবস্থান ধর্মঘট। এ সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে ২৭ এপ্রিল থেকে কঠোর আন্দোলনে নামবেন শিক্ষকেরা। সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা চিন্তা করে ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়নি।