সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আজ বুধবার আবার অনশন কর্মসূচি পালন করবেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’। এ ছাড়া কাল বৃহস্পতিবার তাঁরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। গত সোমবার রাতে বৈঠক করে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সৈয়দ সামসুল আলম প্রথম আলোকে নতুন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্র ও গণজাগরণ মঞ্চের কর্মী মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের মৃত্যুর ঘটনায় আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। বুধবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হবে। পরদিন বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্য আমিনুলের পদত্যাগের দাবিতে ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করেন সরকার দল-সমর্থক শিক্ষকদের একাংশ। এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর অংশটি ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেন।
গত ৩০ আগস্ট সকালে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেন উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া সাধারণ শিক্ষার্থী ব্যানারে ছাত্রলীগের কর্মীরা। এর আগে আন্দোলনরত শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন উপাচার্য।
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পরদিন ৩১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেয়। ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগ কর্মী চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।
উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ গত সোমবার সংবাদ সম্মেলন করে উপাচার্যবিরোধী আন্দোলনকে ‘স্বার্থের দ্বন্দ্ব’ বলে অভিহিত করেন। তাঁরা যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সবার সহায়তা কামনা করে ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেন।