দাবি বাস্তবায়িত না হওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ধর্মঘট পালন করেছেন। আগের ১২ দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় ওই সব দাবি স্থগিত করে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন।দাবি আদায়ে গতকাল সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ভবনে তালা লাগিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ছাত্রলীগের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসংকট নিরসন, হলগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবস্থা করা, ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপন, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, ক্রীড়া শিক্ষক নিয়োগসহ খেলার মাঠ সংস্কার, ক্যাফেটেরিয়ায় খাবারের মানোন্নয়ন, লোডশেডিং নিয়ন্ত্রণ, আধুনিক মিলনায়তন নির্মাণসহ আবাসনসংকট নিরসনে নতুন হল নির্মাণ, শিক্ষার্থীদের পরিবহনের জন্য দুটি নতুন বাস ক্রয় এবং ক্যাম্পাসে ঘটা সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ইতিপূর্বে প্রশাসনের সঙ্গে একাধিকবার বসা হলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন করা হয়নি। তাঁরা বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।উপাচার্য এম সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘উপাচার্যের পদত্যাগ দাবি করা কযতটুকু ন্যায়সংগত ও যৌক্তিক, তা সবার ভেবে দেখা দরকার।’ তিনি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে বৈঠক করা হয়েছে। অন্য দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো বাস্তবায়ন করতে সময়ের প্রয়োজন।