উপাচার্যের পদত্যাগ দাবির পক্ষে-বিপক্ষে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি চলছেই। গতকাল মঙ্গলবার পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষকদের অদূরে অবস্থান নিয়ে এ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানায় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে সরকার-সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের একদল শিক্ষক উপাচার্যের পদত্যাগের দাবিতে অষ্টম দিনের মতো তাঁর কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচি চলার সময় সকাল সোয়া ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতাধিক শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষকদের মাত্র কয়েক গজ দূরত্বে অবস্থান নেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় স্থিতিশীল রাখার স্বার্থে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
শিক্ষকদের পাশে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করার বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সরকার-সমর্থক শিক্ষকদের অন্য অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মো. কবির হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক রাশেদ তালুকদার, প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরীসহ শিক্ষক নেতারা। তাঁরা শিক্ষার্থীদের সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানান। পৌনে ১১টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেয়। এ সময় তারা জানান, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে শিক্ষকেরা ‘অযৌক্তিক’ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করলে তাঁরা এ ‘অহেতুক’ কর্মসূচির বিরুদ্ধে পাল্টা আন্দোলন গড়ে তুলবেন।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের অবস্থান কর্মসূচি চলে। এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের আড়ালে ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এমন কর্মসূচি করাচ্ছে। এর পেছনে উপাচার্যের মদদপুষ্ট গুটিকয়েক শিক্ষকও রয়েছেন। তবে পাঠদান কার্যক্রমের কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
গতকাল দুপুর সোয়া ১২টার দিকে উপাচার্য আমিনুল হক ভূইয়া তাঁর বাসভবন থেকে বের হন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষের কার্যালয় পরিদর্শন করেন। বেলা দেড়টার দিকে তিনি উপাচার্যের বাসভবনে ফিরে যান।
শিক্ষামন্ত্রীর আহ্বান: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেনের কাছে চিঠি পাঠিয়ে ঐকমতে৵র ভিত্তিতে সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে শিক্ষামন্ত্রী লেখেন, ‘আমি আশাবাদী, আপনারা সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান করে, বিশ্ববিদ্যালয় ও শ্রদ্ধেয় শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন। বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে দৃষ্টি রেখে শিক্ষক সমিতি কাজ করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।’