খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ এবং ছাত্রলীগের কুয়েট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রলীগ কুয়েট শাখা। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ দাবি জানান। ছাত্রকল্যাণ পরিচালককে লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু বিচার, সাত দিনের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু ও তদন্তের মাধ্যমে অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীদের বিচারের সম্মুখীন করার দাবি জানান তাঁরা। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি এ কে এম আহসান উল্লাহ ভূঞা। লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াত-বিএনপির মদদপুষ্ট প্রশাসন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা বলেন, ছাত্রদের আবাসন ব্যবস্থার দাবিতে আন্দোলনে ছাত্রলীগ নৈতিক সমর্থন দিয়েছে। সাধারণ ছাত্ররা নতুন হল নির্মাণের দাবিতে উপাচার্যের কাছে যাওয়ার চেষ্টা করলে শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের প্ররোচিত করে ছাত্রকল্যাণ পরিচালকের কাছে নিয়ে যায় এবং তাঁকে লাঞ্ছিত করে। এরপর ছাত্রলীগ শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করতে গেলে ছাত্রদল ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করে। গত রোববার ছাত্রদের আবাসন ব্যবস্থার দাবি ও নববর্ষ উদ্যাপন কমিটি বাতিলের দাবিতে আন্দোলনের জের ধরে কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামিয়ে ও রাতে প্রভোস্টদের সামনে হলের ছাত্রদের মারধর করে। এ পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে কর্তৃপক্ষ সোমবার থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।