উপাচার্যের পদত্যাগের দাবি কালো পতাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল-সমাবেশ ও প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদের সামনে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। এতে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত স্বার্থান্বেষী পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগ, সিন্ডিকেট সভাসহ প্রতিটি বিষয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।বক্তারা বলেন, জুবায়ের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জুবায়েরের মৃত্যু এবং এর পরবর্তীকালে প্রশাসনের স্বৈরতান্ত্রিক মনোভাব ও বিতর্কিত নানা পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের নীতি-নৈতিকতার মৃত্যুর বিষয়টিকে স্পষ্ট করে তুলেছে। বর্তমান প্রশাসনের অন্যায়, দুর্নীতি ও অনিয়ম রোধে অনির্বাচিত ও অগণতান্ত্রিক উপাচার্যের পদত্যাগের কোনো বিকল্প নেই। তাঁরা বলেন, দাবি আদায় না হলে ৩১ মার্চ সাধারণ সভার মধ্য দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুল আনামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক এম এ মতিন, এ টি এম আতিকুর রহমান, কামরুল আহসান, মো. মাসউদ ইমরান প্রমুখ। পরে তাঁরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদের সামনে কালো পতাকা উত্তোলন করেন।