রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উপাচার্যের পদত্যাগের দাবিতে অতিরিক্ত দায়িত্ব থেকে তিন শিক্ষকের পদত্যাগ
পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ তুলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট, ক্লাস-পরীক্ষা বর্জন ও মিছিল গতকাল বুধবারও অব্যাহত ছিল। একই দাবিতে গতকাল আরও তিন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে ১০ জন শিক্ষক অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করলেন।তবে গতকাল দুজনকে আন্দোলনকারীরা পদত্যাগ করতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা হচ্ছেন সাজ্জাদ হোসেন ও এস এম আবদুর রাজ্জাক। সাজ্জাদ টিনশেড হলের প্রভোস্ট এবং রাজ্জাক শেখ হাসিনা হলের প্রভোস্ট ও ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সভাপতি। তিনি দুই পদ থেকেই অব্যাহতি নিয়েছেন। পদত্যাগ করা অপর শিক্ষক হলেন রিপন কুমার চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের টিনশেড হলের সহকারী প্রভোস্ট।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ এ আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রথম দিন একজন এবং দ্বিতীয় দিন গত মঙ্গলবার ছয়জন শিক্ষক অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেন।টানা তৃতীয় দিনের মতো উপাচার্যবিরোধী আন্দোলন ও ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ঐক্য পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ধর্মঘট চলাকালে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা উপাচার্যের পরীক্ষার ফলাফল জালিয়াতিসহ নানা অনিয়মের কথা উল্লেখ করে দ্রুত তাঁর পদত্যাগের দাবি জানান।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফলাফল দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার অভিযোগে ১৫ নভেম্বর থেকে আন্দোলন করছেন ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। ভর্তি পরীক্ষার কারণে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত ছিল। গত সোমবার থেকে আবারও আন্দোলন শুরু হয়েছে।