উপাচার্যের পদত্যাগের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে মৌন মিছিল ও উপাচার্যের কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আট দফা দাবি পূরণ না হওয়ায় ১০ দিনের নতুন কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার তাঁরা এ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কর্মসূচির সপ্তম দিনে গতকাল বেলা ১১টার দিকে নতুন কলাভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষকেরা। সেখান থেকে তাঁরা মৌন মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন। এ সময় তাঁরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে প্রবেশের রাস্তায় বসে পড়েন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে উপাচার্যের কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এ সময় বক্তব্য দেন আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক এনামউল্যা, অধ্যাপক রশীদ হারুন, এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, মোহামঞ্চদ গোলাম রব্বানী প্রমুখ।শিক্ষকেরা অভিযোগ করে বলেন, বর্তমান উপাচার্যের নানা বিতর্কিত ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের, শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থীর বিভেদ সৃষ্টি হচ্ছে। এই উপাচার্যের সময়ে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান উপাচার্য ’৭৩-এর অধ্যাদেশ না মেনে অনির্বাচিত অবস্থায় ক্ষমতায় রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রতিটি ক্ষেত্রে চরম অনিয়ম চলছে।একই দাবিতে কাল মঙ্গলবার ও পরদিন বুধবার সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষকেরা। শনিবারের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে ওই দিন সাধারণ সভার মাধ্যমে পুনরায় কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনরত শিক্ষকেরা।