জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে গতকাল তাঁর কার্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। এ ছাড়া নির্বাচিত উপাচার্য ও দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।গতকাল মঙ্গলবার উপাচার্যের পদত্যাগের দাবিতে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত অর্ধশতাধিক শিক্ষক। পরে তাঁরা ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ের সামনের করিডরে বসে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করে উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন। এ সময় উপাচার্য তাঁর কার্যালয়ে ছিলেন না। সকালেই কাজ শেষ করে উপাচার্য তাঁর কার্যালয় থেকে চলে যান। অবরোধ কর্মসূচিতে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন ও সম্পাদক শরীফ উদ্দিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক শরীফুল হুদা, অধ্যাপক শামসুল আলম, শিক্ষক রায়হান রাইন, হিমেল বরকত প্রমুখ উপস্থিত ছিলেন।আন্দোলনরত শিক্ষকেরা আগামী রোববার পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন। এদিকে সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ, নির্বাচিত উপাচার্য ও দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে দুপুর ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল বের করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মৈত্রী বর্মন, বদরুন্নাহার প্রমুখ বক্তব্য দেন।