সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে আজ বুধবার আবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন আন্দোলনরত শিক্ষকেরা। একই সঙ্গে তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
আন্দোলনরত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’—এর আহ্বায়ক অধ্যাপক সামসুল আলম গতকাল মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন। উপাচার্যের পদত্যাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণের দাবিতেও এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনরত শিক্ষকেরা গত বুধবার অনশন কর্মসূচি পালন করে চলমান আন্দোলনের টানা কর্মসূচি স্থগিত রেখেছিলেন। এরপর গতকাল নতুন করে আবার এ কর্মসূচি দেওয়া হলো।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্য আমিনুলের পদত্যাগ দাবিতে গত ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে আন্দোলন শুরু করেন সরকার দল-সমর্থক শিক্ষকদের একাংশ। এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেন।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ গত সোমবার সংবাদ সম্মেলন করে উপাচার্যবিরোধী আন্দোলনকে ‘স্বার্থের দ্বন্দ্ব’ বলে অভিহিত করেন। তাঁরা যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু শিক্ষার পরিবেশ রক্ষায় সবার সহায়তা কামনা করে ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেন।
এদিকে গত বুধবার বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের মোর্চা ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ সংবাদ সম্মেলন করে চলমান উপাচার্যবিরোধী আন্দোলনকে ‘কতিপয় শিক্ষকের স্বার্থের আন্দোলন’ উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।