জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবারও শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। তবে আন্দোলনের বিপক্ষের শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন। এ ছাড়া আজ আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচির প্রতিবাদে অন্য শিক্ষকদের মানববন্ধন করার কথা রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আন্দোলনরত শিক্ষকেরা ধর্মঘট কর্মসূচি পালনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ের সামনের বারান্দায় বসে অবরোধ কর্মসূচি পালন করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।অবরোধ কর্মসূচিতে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, সম্পাদক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক শামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।শিক্ষকদের এ কর্মসূচির ফলে বিভিন্ন বিভাগের কয়েকটি ব্যাচের ক্লাস হয়নি। তবে আন্দোলনের বাইরে অবস্থানকারী শিক্ষকেরা বিভিন্ন বিভাগে ক্লাস নিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক অসিত বরণ পাল প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে অযৌক্তিক দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তবে অধিকাংশ শিক্ষক ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন। সাধারণ শিক্ষকেরা আজ বুধবার শিক্ষক সমাজের কর্মসূচির প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করবেন।উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জোবায়ের আহমেদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষকেরা আট দফা দাবি জানান। সেই দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত শিক্ষকেরা ১৮ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।