উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরতদের নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে পুনরায় কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকসমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে সংবাদ সম্মেলন করে গতকাল শনিবার তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন।এদিকে সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ে আচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের কার্যালয় অবরোধ ও শিক্ষক ধর্মঘট কর্মসূচি পালন করেন। তবে উপাচার্য সে সময় তাঁর কার্যালয়ে ছিলেন না। বেলা একটার দিকে প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের পর তাঁরা জুবায়ের হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাড়াও আরও কিছু ন্যায্য দাবি উত্থাপন করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার তাঁদের সঙ্গে আলোচনায় বসেছে। কিন্তু একাধিকবার মৌখিক সমঝোতার পরও তা লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় নাসিম আখতার নতুন করে আগামীকাল সোমবার থেকে ৩০ এপ্রিল সোমবার পর্যন্ত সকাল-সন্ধ্যা উপাচার্যের কার্যালয় ও প্রশাসনিক ভবন অবরোধ এবং শিক্ষক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, সম্পাদক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে সংগঠনের সভাপতি সৌমিত্র চন্দ্র ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এই হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।