রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উপাচার্যের পদত্যাগের দাবিতে একাডেমিক ভবন ও হলে তালা
শীতকালীন ছুটি শেষে খোলার প্রথম দিনেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক ভবন এবং ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বর্জন করা হয় ক্লাস-পরীক্ষাও। উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল রোববার সকাল থেকে এ আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা দুইটার দিকে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।অভিযোগ উঠেছে, বিভিন্ন ঠিকাদারি কাজের ভাগবাটোয়ারা না পেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে ‘বিশেষ সুবিধা’ আদায়ে ব্যর্থ হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল এ ধরনের কর্মসূচি পালন করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সকাল সাতটার দিকে একাডেমিক ভবন ও ক্যাম্পাসের বিভিন্ন হলের ফটকে তালা ঝুলিয়ে দেন। সকাল নয়টার দিকে তাঁরা ক্যাম্পাসে দফায় দফায় মিছিল করেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাত্রী হলের নামকরণসহ ১২ দফা দাবিতে গত ১৩ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। ২০ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় শিক্ষার্থীদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী গতকাল অভিযোগ করেন, বিশেষ সুযোগ সুবিধা আদায় করতে না পেরেই ছাত্রলীগের নেতা-কর্মীরা ১২ দফা দাবির পরিবর্তে উপাচার্যের পদত্যাগের দাবির নামে আন্দোলন শুরু করেছেন। ছাত্রলীগের কিছু নেতা-কর্মী গতকাল বেশ কিছু সাধারণ শিক্ষার্থীকে মিছিলে যোগ দিতে বাধ্য করেন।এসব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করেছে মাত্র। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করা হয়।উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের ১২ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পরও এ ধরনের আন্দোলনের কোনো মানে হয় না। শিক্ষার্থীদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করছি আমরা।’