উপাচার্যের পদত্যাগের দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে এবার উপাচার্যের বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন সরকার-সমর্থক আন্দোলনকারী শিক্ষকদের একাংশ। গতকাল রোববার দুপুর পৌনে ১২টায় পদযাত্রা শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশও করেন শিক্ষকেরা।
আন্দোলনকারী শিক্ষক ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলমের নেতৃত্বে পদযাত্রাটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অধ্যাপক মস্তাবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, রোকসানা বেগম, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন, শাহেদ আহমদ ও সহকারী অধ্যাপক এমদাদুল হক বক্তৃতা করেন। সমাবেশ থেকে কিছু জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসত্য-সংবাদ পরিবেশন করে আন্দোলন সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই অযোগ্য উপাচার্যকে আর দেখতে চান না। আমরা চাই তিনি (উপাচার্য) সসম্মানে এ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে চলে যান। নতুবা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।’
উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ শেষে বেলা সোয়া একটার দিকে আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এদিকে সরকার-সমর্থক শিক্ষকদের আরেকটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের নেতারা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট এলাকায় অবস্থান নেন। এ ফোরামের আহ্বায়ক মো. আখতারুল ইসলাম বলেন, আন্দোলনের নামে কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। এটি কোনোমতেই হতে দেওয়া হবে না। ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারার কারণেই এ আন্দোলন করা হচ্ছে।
গত ১২ এপ্রিল কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছেন সরকার-সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের শিক্ষকদের একাংশ।
এদিকে গত বুধবার শিক্ষক সমিতির এক সভা থেকে ‘অযৌক্তিক’ এই আন্দোলন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ কিনা—সেটি খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের ১৪৪ জন শিক্ষক অংশ নিয়েছিলেন বলে শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।